মধুমতি নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির, সতর্কতায় প্রশাসনের মাইকিং
উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ১২:৪০
মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে কুমিরের দেখা মিলেছে। গত শনিবার (১৬ আগস্ট) বিকেলে স্থানীয় বাসিন্দারা কুমিরটি দেখতে পান। এ সময় এলাকার স্থানীয় এক যুবক মোবাইল ফোনে কুমিরটির ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিও ছড়িয়ে পড়ায় নদীর তীরবর্তী এলাকার মানুষের মনে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কারো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। জনসাধারণের সচেতনতা ও সতর্কতার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. হানিফ গণমাধ্যমকে বলেন, বেশ কয়েকদিন ধরেই মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদী ও মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে কুমির দেখা যাওয়ার জনশ্রুতি চালু হয়। কিন্তু কুমিরের অস্তিত্বের খুব বেশি বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেলে মহম্মদপুরের মধুমতি নদীর মধুমতি ব্রিজের ওপর থেকে প্রায় এক মিনিট ধরে তোলা ভিডিওতে কুমিরটিকে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। দূর থেকে ছবি দেখে যেটুকু ধারণা করা যায় এটি একটি প্রাপ্তবয়স্ক বড় আকৃতির কুমির। লম্বায় অন্তত ১৫ ফুট এবং যথেষ্ট স্বাস্থ্যবান। এরপর থেকে নদীর তীরবর্তী এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
রাসেল নামে স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, মধুমতী নদীতে অতীতে কুমির দেখা যাওয়ার ইতিহাস থাকলেও দীর্ঘদিন পর আবারও কুমিরের দেখা মেলায় জনমনে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এ বিষয়ে সঠিক তদন্ত করে জননিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার গণমাধ্যমকে বলেন, মধুমতি নদীতে কুমির ভেসে বেড়ানোর বিষয়টি লোকমুখে শুনেছি এবং ভিডিওতে দেখেছি, সরাসরি দেখা হয়নি। এ ঘটনার পর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনসচেতনতার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতার জন্য মাইকিং করা হয়েছে।
ইউডি/রেজা

