ইন্ডিয়ায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
উত্তরদক্ষিণ। সোমবার (১৮ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৩০
মার্কিন চাপ আর শুল্ক আরোপের মুখে চিরবৈরী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে ইন্ডিয়ায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি।
সফরে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন দিনের এই সফরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ওয়াং ই বৈঠক করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসেই চীন সফরে যেতে পারেন বলে ইন্ডিয়ান সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী দুই দিনে দিল্লিতে ইন্ডিয়া-চীনের বিশেষ প্রতিনিধি দলের বৈঠক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
বিশ্বের দুই সর্বাধিক জনবহুল দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ২০২০ সালে হিমালয় সীমান্তে দুই দেশের সৈন্যদের মাঝে প্রাণঘাতী সংঘর্ষের পর সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে ট্রাম্পের শুল্কযুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের পথে এগোচ্ছে বেইজিং ও নয়াদিল্লি।
ওয়াং ইর এই সফরে উভয় দেশের মাঝে হিমালয় সীমান্ত দিয়ে পুনরায় বাণিজ্য চালুর বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, প্রতীকী দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
ইউডি/এবি

