ইন্ডিয়ায় বাংলাদেশ-বিরোধী কার্যকলাপ নিয়ে অবগত নয় নয়াদিল্লি: জয়সওয়াল
উত্তরদক্ষিণ। বুধবার (২০ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৩০
ইন্ডিয়ায় আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশ-বিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে নয়াদিল্লি ‘অবগত নয়’ বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সরকারি বিবৃতিতে বলেন, ‘ইন্ডিয়ায় আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশ-বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো পদক্ষেপের বিষয়ে ভারত সরকার অবগত নয়।’
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে ইন্ডিয়ায় পালিয়ে যান। এরপর বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে তীব্র অবনতি দেখা দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার ইন্ডিয়ার মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিটি তাই অপ্রাসঙ্গিক।’
জয়সওয়াল বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইন্ডিয়া তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে, জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এর আগে, একই দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেশী ইন্ডিয়াকে নয়াদিল্লি ও কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় স্থাপিত হয়েছে বলে খবর পাওয়ার পর সেগুলো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশি নাগরিকদের দ্বারা- বিশেষত নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা-কর্মীদের মাধ্যমে ইন্ডিয়ার মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থান করে কার্যালয় স্থাপনসহ বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ।’
মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ দলটি ইন্ডিয়ায় কার্যালয় স্থাপন করেছে বলে সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই ঘটনা ঘটছে এমন এক সময়ে যখন ‘ভারতের মাটিতে বাড়তে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ইউডি/এবি

