হিলি স্থলবন্দরে বেড়েছে কাঁচামরিচের আমদানি
উত্তরদক্ষিণ। শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:৩০
দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে ইন্ডিয়ার কাঁচামরিচের আমদানি। বিগত দিনে এই বন্দর দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমান আসছে ১৫ থেকে ১৭ ট্রাক।
তবে গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) এক দিনে রেকর্ড পরিমাণ ২৯ ট্রাকে ২৩৯ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দরে।
কাস্টমস সুত্রে জানা যায়, গেলো এক সপ্তাহের ৬ দিনে এই বন্দরে ৭২টি ট্রাকে কাঁচামরিচ আমদানি হয়েছে ৬১৮ মেট্রিকটন।
কাঁচামরিচ আমদানিকারকরা বলছেন, দেশে চলমান বন্যা আর খরার কারণে কৃষকের মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দেখা দিয়ে দেশে মরিচের সঙ্কট। এর ফলে চাহিদা বেড়েছে ভারতীয় কাঁচামরিচের।
হিলি বন্দর ও বাজার ঘুরে দেখা গেছে, ইন্ডিয়ার থেকে আমদানিকৃত কাঁচামরিচ পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। ওদিকে ইন্ডিয়ার মোকাম থেকে আমদানিকারকরা প্রতি কেজি কাঁচামরিচ ক্রয় করেছে ৮০ থেকে ৯০ রুপিতে। আবার কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে ৩৭ টাকা। এসব আমদানিকৃত কাঁচামরিচ দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে।
ইউডি/মোসলেম উদ্দিন/কেএস

