পিএসজি ছেড়ে ম্যানসিটিতে যোগ দিচ্ছেন দোনারুম্মা!
উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, আপডেট ০৮:৪০
জিয়ানলুইজি দোনারুম্মাকে দলে টানতে শুরুতে আগ্রহ দেখালেও শেষ মুহূর্তে লড়াই থেকে সরে গেছে ইন্টার মিলান। ইতালিয়ান সংবাদমাধ্যম ‘এফসিআইন্টারনিউজ’-এর দাবি, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে একমত হয়েছেন পিএসজির এই ইতালিয়ান গোলরক্ষক।
বর্তমানে ২৬ বছর বয়সী দোনারুম্মার সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)। তবে কয়েক দফা আলোচনার পরও দুই পক্ষের মাঝে নতুন চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাকে বিনা মূল্যে হারানোর ঝুঁকি নিতে চাইছে না ফরাসি ক্লাবটি।
এই গ্রীষ্মেই তাকে বিক্রি করতে প্রস্তুত পিএসজি। ইতোমধ্যে দলবদলের তালিকায় রাখা হয়েছে দোনারুম্মাকে। জানা গেছে, তার জন্য ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাচ্ছে পিএসজি। মূল দল থেকেও সরিয়ে রাখা হয়েছে তাকে। অনুশীলন করছেন আলাদাভাবে। সব মিলিয়ে দোনারুম্মার ক্লাব ছাড়াটা এখন কেবল সময়ের ব্যাপার।
তবে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে হলে একটি শর্ত মেটাতে হবে—দলে জায়গা করে দিতে হবে। আর সেটা করতে হলে প্রথমে বিদায় জানাতে হবে সিটির বর্তমান এক নম্বর গোলরক্ষক এডারসনকে। শোনা যাচ্ছে, এই ব্রাজিলিয়ানের প্রতি আগ্রহ দেখাচ্ছে তুরস্কের জায়ান্ট ক্লাব গালাতাসারাই।
সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই দোনারুম্মার ম্যানসিটিতে যোগ দেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইউডি/কেএস

