বদলে গেল এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়
উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, আপডেট ০৯:২০
তীব্র গরমের কারণে এবারের এশিয়া কাপ ক্রিকেটে সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। টুর্নামেন্টের মোট ১৯ ম্যাচের মধ্যে ১৮টির সময় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।
এর ফলে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে রাত সাড়ে ৮টায়। ১১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।
তবে একটি ম্যাচের সময় অপরিবর্তিত থাকছে। ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওমানের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। টুর্নামেন্টের ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে হলেও ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মোহসিন নাকভি বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি এশিয়া কাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। খেলোয়াড়, দর্শক এবং সম্প্রচারকদের জন্য এটি বিশ্বমানের অভিজ্ঞতা হবে।’
ইউডি/কেএস

