বছরের শেষ সূর্যগ্রহণ রবিবার, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

বছরের শেষ সূর্যগ্রহণ রবিবার, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:৫০

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর)। এবারের গ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।

ভারতীয় পঞ্জিকা অনুসারে, রবিবার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত হওয়া আংশিক সূর্যগ্রহণটি ঘটবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। এ সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫। গ্রহণটির স্থায়ীত্ব হবে প্রায় ৪ ঘন্টা ২৪ মিনিট।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় ও বাংলাদেশে এটি দৃশ্যমান হবে কিনা সে তথ্য দেয়।

আইএসপিআরের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণ হবে দিবাগত রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে।

বাংলাদেশে বছরের শেষ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে কি?

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান অঞ্চল

বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা না গেলেও নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।

এসব অঞ্চলে গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে আমেরিকার সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা। অমাবস্যা তিথিতে এ আংশিক সূর্যগ্রহণ দেখার সাক্ষী হওয়ার অপেক্ষায় বিশ্ববাসী।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading