মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি পাচ্ছে, কমানো হচ্ছে বিরতিকাল

মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি পাচ্ছে, কমানো হচ্ছে বিরতিকাল

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০৮:৩০

মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি পাচ্ছে। সকালে চালুর সময় ৩০ মিনিট ও রাতে বন্ধের ৩০ মিনিট করে বাড়ানো হচ্ছে। তাছাড়া দুই ট্রেনের মধ্যবর্তী বিরতিকালও দুই মিনিট কমানো হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে দুই সপ্তাহ মেট্রোরেল পরীক্ষামূলক এই সময়সূচিতে চলাচল করবে। এরপর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি কার্যকর করা হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানান, অনেক দিন ধরেই যাত্রীদের চাহিদা মেটাতে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর চিন্তা ছিল। লোকবল সংকটে তা সম্ভব হচ্ছিল না।

নতুন সূচিতে শিগগিরই যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল করবে।

তিনি আরও জানান, মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা ও আয় উভয়টিই বাড়বে। সাধারণ মানুষের ট্রেনের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। সড়কের ওপরও চাপ কমবে।

বর্তমানে মেট্রোরেল শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন উত্তরা থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে ৭টা ১০ মিনিটে এবং রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। আর শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রো রেলের চলাচল শুরু হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading