উত্তরায় গণহত্যা: আতিকসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ল

উত্তরায় গণহত্যা: আতিকসহ আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৫

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ২১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তিনি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় চান। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

উত্তরায় গণহত্যার এ মামলায় মোট আসামি ২১ জন। এর মধ্যে মেয়র আতিকসহ ১০ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে, এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। গত ২০ জুলাই এ আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।

এদিন সকালে এ মামলায় ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। আতিক ছাড়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকসহ আওয়ামী লীগ নেতারা জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে। এসব ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন আসামিরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading