এমবাপ্পের জোড়ায় রিয়ালের ছয়ে ছয়

এমবাপ্পের জোড়ায় রিয়ালের ছয়ে ছয়

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০

লা লিগার মৌসুমে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে ৪-১ গোলে হারিয়ে ছয় ম্যাচে ছয় জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জাবি আলোনসোর শিষ্যরা। শিরোপাধারী বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। নতুন তারকারা যেমন ঝলক দেখিয়েছেন, তেমনই অভিজ্ঞ খেলোয়াড়রাও ছিলেন উজ্জ্বল।বল দখলে ছিল ৬২ শতাংশ, শট নিয়েছে ২৪টি, যার মধ্যে ১০টি লক্ষ্য বরাবর। বিপরীতে লেভান্তে ১১টি শট নিলেও মাত্র দুটি ছিল টার্গেটে।

২৮তম মিনিটে ফেডে ভালভের্দের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ শটে এগিয়ে যায় রিয়াল। ৩৮তম মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর ৫৪তম মিনিটে ভাগ্যজড়ানো এক গোলে ব্যবধান কমায় লেভান্তে। তবে ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে স্বস্তি ফেরান কিলিয়ান এমবাপ্পে। দুই মিনিট পর আর্দা গুলেরের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে আরও একবার বল জালে পাঠান তিনি।

এই ডাবলের সুবাদে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে গেছেন এমবাপ্পে, তার গোল সংখ্যা এখন ৭। লা লিগায় একমাত্র দল হিসেবে প্রথম ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading