কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে: ড. ইউনূস
উত্তরদক্ষিণ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২৩:৫০
কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সাক্ষাৎ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, ‘কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কে কার হয়ে কাজ করছে, আমরা জানি না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী আছে বাংলাদেশে এবং দেশের বাইরে।’
তিনি আরও বলেন, আগামী কয়েক মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার সব ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও একটি সুষ্ঠু নির্বাচন করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো আগামী অক্টোবরের মধ্যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে। এই সনদে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘যতটা সম্ভব বেশি সংস্কার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর ওপর চাপ বজায় রাখা দরকার, যাতে সংসদ বসার পর তারা প্রক্রিয়াটি ধরে রাখে।’
প্রধান উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সরকার ব্যাপক প্রচারাভিযান চালাবে। এর মাধ্যমে জনগণকে ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শেখানো হবে।
ইউডি/এবি

