সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে বাংলাদেশে আসতে হবে: হাসনাত
উত্তরদক্ষিণ। বুধবার (১ অক্টোবর) ২০২৫, আপডেট, ২৩:৩০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পরে বিভিন্ন সময়ে হিন্দু-মুসলিমের মাঝে যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করতে দেশি ও বিদেশি শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তি। হিন্দুরা আমাদের দেশে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে— এমন চিত্র তুলে ধরে প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে তারা। আমরা আন্তর্জাতিক ও বাংলাদেশের গণমাধ্যমকে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি ভারত দেখতে চায় এবং শিখতে চায়, তবে সেটি তাদের বাংলাদেশে এসে শিখতে হবে। কীভাবে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির পরিবেশে সব ধর্মের মানুষ উৎসবমুখরভাবে নিজ নিজ ধর্মের অনুষ্ঠান পালন করে— এটাই বিশ্বে অনন্য দৃষ্টান্ত।
বুধবার (১ অক্টোবর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ওপর এমন কোনো ঘটনা ঘটেছে কি? আপনাদের পূজা-অর্চনায় কোনো বাধা দেওয়া হয়েছে কি? কোনো মন্দিরে হামলা হয়েছে, জমি বা ব্যবসা দখল করা হয়েছে কি? আমি জানি, এসব হয়নি। কিন্তু ভারতীয় মিডিয়া এসব বিষয়ে রীতিমতো প্রপাগান্ডা চালাচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের বিপদে-আপদে আমরা যেমন পাশে দাঁড়াই, আমাদের বিপদ-আপদেও আপনারা পাশে থাকেন। ধর্ম সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই সত্য আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কারণে আমাদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যা আজীবন থাকবে।
তিনি আরও বলেন, আপনাদের এ উৎসবে সব রাজনৈতিক দলের নেতারাই সহযোগিতা করতে আসেন, খোঁজখবর নেন— এটি একটি ভালো দিক। আমরা চাই, হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক।
ইউডি/এবি

