নারী সাংবাদিকের ওপর হামলা, দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নারী সাংবাদিকের ওপর হামলা, দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, আপডেট ১০:৫৮


গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের বিরুদ্ধে নারী সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি দিশা আক্তার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মামলা করেন। মামলা নম্বর-৪৯

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তথ্য ও বিজ্ঞাপন সংগ্রহের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যান সাংবাদিক দিশা আক্তার। এসময় তার সঙ্গে ছিলেন আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক বাঙালির কণ্ঠের শামীম রেজা এবং দৈনিক ভোরের আওয়াজের আব্দুর মুনতাকিন জুয়েল।

সহকর্মীরা অন্য কক্ষে গেলে দিশা আক্তার উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের কক্ষে প্রবেশ করেন। পরিচয় দিয়ে কাজের বিষয় আলোচনা শুরু করলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন শিশির চন্দ্র। এক পর্যায়ে তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আক্রমণ করে দিশা আক্তারের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন।

এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে আসামি করে মামলা করেন দিশা আক্তার।

এ বিষয়ে অভিযুক্ত শিশির চন্দ্র দেবনাথ বলেন, মামলার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি বর্তমানে ছুটিতে আছি। অন্যদিকে নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ জানান, মামলা হয়েছে, আমরাও আইনি ব্যবস্থা নেবো।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading