আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিয়োগ

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিয়োগ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, আপডেট ২০:৩৫

সাভারের আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসা এবং নার্সদের অবহেলার কারণে এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গলায় খাবার আটকে তার মৃত্যু হতে পারে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মো. হাবীবুর রহমান।

নিহত শিশু মিনহাজ (২) আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হালকা জ্বর ও কাশি নিয়ে মিনহাজকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পরপরই শিশুটিকে একটি ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

শিশুটির মা অভিযোগ করেন, ‘আমার ছেলেকে একটা ইনজেকশন দেওয়ার পরই তার শরীর ঠাণ্ডা হয়ে যায়। আমি নার্সদের ডাকলেও তারা সময়মতো আসেনি। একপর্যায়ে তারা বলে, ‘কিছু হয়নি, ঠিক হয়ে যাবে।’ কিন্তু কিছুক্ষণ পরই আমার ছেলে নিস্তেজ হয়ে পড়ে। এরপর প্রায় কয়েক ঘণ্টা আমার বাচ্চা কোথায় আছে তাও বলেনি। পরে খুঁজে বের করে দেখি বাচ্চা মৃত।’

পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার আগে কোনো পরীক্ষা-নিরীক্ষা বা ওষুধের প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত না হয়েই মিনহাজকে চিকিৎসা দেওয়া হয়।

শিশুটির চাচা বাঁধন ইসলাম জানান, ‘ডেঙ্গু পজিটিভ নিয়ে তার ভাতিজা মিনহাজকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। আমরা তার মরদেহ গ্রামের বাড়ি রাণীশৈংকল নিয়ে যাচ্ছি।’

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হাবীবুর রহমান সাংবাদিকদের জানান, ‘শিশুটিকে সকাল ৯টার দিকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসা দেওয়ার পর সে ভালোর দিকেই ছিল। সম্ভবত শিশুটিকে কোনো খাবার খাওয়ানো হয়েছিল, যা খাদ্যনালীতে আটকে যায় এবং পরে তার মৃত্যু হয়।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading