পুলিশ জবাবদিহিতা কমিশনের সভা বৃহস্পতিবার

পুলিশ জবাবদিহিতা কমিশনের সভা বৃহস্পতিবার

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:৫৫

জনবান্ধব, স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে ‘পুলিশ জবাবদিহিতা কমিশন ২০২৫ (খসড়া)’ চূড়ান্ত করতে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে এ সভা হবে।

বুধবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার।

সূত্র জানায়, সভায় কমিশনের কাঠামো, এখতিয়ার, অভিযোগ গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া, জবাবদিহিতা নিশ্চিতে নাগরিক অংশগ্রহণ এবং কমিশনের স্বাধীনতা রক্ষার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি পুলিশি অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ যাচাইয়ের জন্য একটি স্বতন্ত্র তদন্ত ইউনিট গঠনের প্রস্তাবও উত্থাপিত হতে পারে।

উল্লেখ্য, এ কমিশন গঠিত হলে নাগরিকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, পুলিশি ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এ কমিশনের মূল লক্ষ্য হলো পুলিশকে জবাবদিহিতার আওতায় এনে জনগণের আস্থা ফিরিয়ে আনা। এটা বাস্তবায়িত হলে পুলিশের কাজের স্বচ্ছতা ও মানবাধিকার পরিস্থিতি উভয়ই উন্নত হবে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading