‘অনলাইন ক্যাসিনো সম্রাট’ লিপু সাতক্ষীরায় আটক
উত্তরদক্ষিণ। শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:২০
সাতক্ষীরায় অনলাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ ।
শনিবার(১১ অক্টোবর ) দুপুর ২ টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
আটককৃত মুরশিদ আলম মেহেরপুর জেলার মুবিনগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে ও মুছাঈদ আলম একই জেলার সদর থানার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে ।
প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার জানান, গোপান সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি টিম শুক্রবার(১০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শহরের বাইপাস সড়কের খড়িবিলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই সময় অটোর ভিতর থাকা মুরশিদ আলম ও মুছাঈদ আলম নামে দুজনকে আটক করা হয় । এরপর তাদের কাছ থেকে ১৬ টি মোবাইল ফোন ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, যে দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ার সাথে জড়িত আছে তারা। বর্তমানে তারা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে খেলায় উদ্বুদ্ধ করা সহ অনলাইন জুয়ার প্লাটফর্ম পরিচালনা করে আসছে ।
তিনি আরও জানান, আটক আসামীদের মধ্যে মুরশিদ আলমের নামে ডিজিটাল নিরাপর্তা আইনের রাজধানীর পল্টন থানায় মামলা রয়েছে। এঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইউডি/রেজা

