‘আনন্দঘন’ পরিবেশে জুলাই সনদ স্বাক্ষরের আশা আলী রীয়াজের

‘আনন্দঘন’ পরিবেশে জুলাই সনদ স্বাক্ষরের আশা আলী রীয়াজের

উত্তরদক্ষিণ। বুধবার (১৫ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:৫৫

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে সংকটের যে তথ্য সংবাদমাধ্যমে এসেছে তাকে ‘বিভ্রান্তি’ আখ্যা দিয়ে ‘আনন্দঘন পরিবেশে’ এ দলিল স্বাক্ষরের আশার কথা শুনিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

তার ভাষ্য, “আজ কিছু বিভ্রান্তি বিভিন্ন দিক থেকে প্রচারিত হয়েছে। আমাকে অনেক রাজনৈতিক নেতারা এবং সাংবাদিকরা ফোন দিয়েছেন। আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে।

“পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহত আছে তাতে আমরা আশাবাদী যে একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আমরা এ স্বাক্ষর অনুষ্ঠানটা সম্পূর্ণ করব।”

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ‘জরুরি’ বৈঠকের স্বাগত বক্তব্যে এ কথা বলেন রীয়াজ। কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সামনে রেখে এ বৈঠকে অংশ নেন রাজনৈতিক দল ও জোটের নেতারা। সন্ধ্যায় সাড়ে ৬টার পর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ বলেন, “একদিন পর শুক্রবার জাতীয় সংসদের প্লাজায় দাঁড়িয়ে আমরা আশা করছি… জাতীয় সনদ যে প্রক্রিয়ার মধ্যে আপনারা অংশগ্রহণ করেছেন এবং বাধাবিপত্তি অতিক্রম করে আপনারা যে জায়গায় উপনীত হয়েছেন, তারই অংশ হিসেবে জাতীয় সনদে আমরা স্বাক্ষর করতে পারব। এটাই আমরা আশা করছি।

“তারই প্রস্তুতির দিকগুলো সম্পূর্ণরূপে শেষ করার আমরা চেষ্টা করছি। এই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অনুষ্ঠানের জন্য আরও একটু সময় নেওয়ার থেকে দ্রুততার দিকে যাওয়ার আমরা চেষ্টা করেছি। এবং আমাদের দিক থেকে পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদের প্রত্যেককে জানান হয়েছিল এবং প্রত্যেকটি দল থেকে জাতীয় সনদে স্বাক্ষরকারীদের নাম বেশ কিছুদিন আগেই দিয়েছেন।”

সেজন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এ অনুষ্ঠানে আমরা চাই জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত সে সমস্ত অতিথিরা উপস্থিত থাকুন।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading