জুলাই সনদে একমত, ভিন্নমত স্পষ্টভাবে উল্লেখ থাকবে: সালাহউদ্দিন
উত্তরদক্ষিণ। বুধবার (১৫ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:৩০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। যে দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে।
তিনি বলেন, আমরা সবাই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অব ডিসেন্ট আছে, সেগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে—কী কী বিষয়ে, কীভাবে নোট অব ডিসেন্ট আছে। কারণ নোট অব ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই আমরা ঐকমত্য কমিশনে আলাপ-আলোচনা করেছি।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এর আগে প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়ে। তিনি আহ্বান জানিয়েছেন, যাতে সবাই অংশগ্রহণ করে এবং এটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করা যায়।
তিনি আরও বলেন, আমরা সবাই এতে সম্মত হয়েছি। যদিও সব বিষয়ে কথা বলার সুযোগ হয়নি, কয়েকজন বক্তব্য রেখেছেন, সব দল অংশগ্রহণ করেনি। আমি আমার বক্তব্যে বলেছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই জাতীয় সনদ প্রণয়নসহ অন্যান্য কর্মকাণ্ডের লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা।
তিনি যোগ করেন, জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই। তবে এই সংস্কার সারা জাতির প্রত্যাশা। যে দলই ক্ষমতায় আসুক, এটি বাস্তবায়ন করতেই হবে।
গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা চাই এই গণভোটে জনগণের পক্ষ থেকে একটি সার্বভৌম এখতিয়ার ও কর্তৃত্ব প্রদান করা হোক, যাতে এটি জাতীয় সংসদের ওপর বাধ্যতামূলক হয়। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দেবে, সেটি যেন সংসদ গ্রহণ করে।
ইউডি/এবি

