ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, বৃদ্ধের মৃত্যু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:০৫

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে শহরের মৌলভীপাড়ার ৬ তলা বিশিষ্ট দেওয়ান প্লাজার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহ ফরহাদ উদ্দিন আহমদ আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভীপাড়ায় ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪টা ১২ মিনিটে ৯৯৯– এ নাইনের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষটি থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়।

তবে ধারণা করা হচ্ছে, আগুন রাত ৩টায় লেগেছিল। কিন্তু ফায়ার সার্ভিসকে দেরিতে খবর দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও কক্ষের ভেতরেই ছিলেন অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ। নিহতের স্বজনদের বরাত দিয়ে নিউটন দাস জানান, ফরহাদ উদ্দিনের পারিবারিক বিরোধ ছিল। তাই অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading