উপদেষ্টাদের কল রেকর্ড রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কীভাবে: রিজভী

উপদেষ্টাদের কল রেকর্ড রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কীভাবে: রিজভী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:৪০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে। তা ফাঁস করবেন। এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কল রেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কীভাবে? উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্ল্যাকমেইলিং।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তার জন্য গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা একটি জটিল সময় অতিক্রম করছি। ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করবো- এটা ছিল আমাদের অঙ্গীকার। যেন কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি বলেন, আমাদের দেখা সবচাইতে বড় বিষয় যেটি ছিল সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হওয়া। তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হয়েছে। অনেক নোট অব ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে, কেন এই বিরোধ তৈরি করা হচ্ছে? এটা আমরা জানি না। এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ দিয়ে যখন একটি ঐক্যতে আসার প্রচেষ্টা চালাচ্ছে, তখন আবার এই ছোটখাট বিষয়টা নিয়ে, গণভোট এবং অন্যান্য ছোট ছোট বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অব ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালোভাবে নিচ্ছে না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের পথে দ্রুত হেঁটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে ফ্যাসিস্টদের কোনো গোষ্ঠী উপকৃত হবে। আগামীকাল (শুক্রবার) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই মুখপাত্র।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারে আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ও দলটির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, আশরাফ উদ্দিন বকুল, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading