সালমান শাহ হত্যা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ‘ইমিগ্রেশনে’ পুলিশের চিঠি

সালমান শাহ হত্যা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ‘ইমিগ্রেশনে’ পুলিশের চিঠি

উত্তরদক্ষিণ। শনিবার (২৫ অক্টোবর) ২০২৫, আপডেট ২১:৩০

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে রমনা থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “এই মামলার ব্যাপারে আদালতের কিছু নির্দেশনা রয়েছে, সে অনুযায়ী আমরা কাজ করছি।”

আসামিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সে ব্যাপারে আসামিদের একটি তালিকা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”

মামলা দায়েরের একদিন পরে ২৩ অক্টোবর এই চিঠি দেওয়ার তথ্য দিয়ে উপকমিশনার বলেন,“আলোচিত এই মামলাটি নিয়ে আমরা গুরুত্বে সাথে কাজ করছি। বুঝে শুনে আমাদের এগুতে হচ্ছে।”

আদালতের নির্দেশে গেল সোমবার রমনা থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ প্রথম পদক্ষেপ হিসেবে আসামিদের দেশত্যাগের আশঙ্কাকে গুরুত্ব দিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে চিঠি দিল।

সেদিন মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা মডেল থানায় স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আদালত আগামী ৭ ডিসেম্বরের মধ্যে থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকারকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

এ মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক ছাড়াও তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেডিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু, রিজভী আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়েছে। তাদের কেউ কেউ এখন দেশের বাইরে রয়েছেন বলে পুলিশের ভাষ্য।

বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় জনপ্রিয়তা তুঙ্গে থাকা সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading