নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:০০
ক্রিশ্চিয়ানো রোনালদো ছুঁয়ে ফেললেন ফুটবল ইতিহাসের আরেক অনন্য মাইলফলক। আল হাজমের বিপক্ষে গোল করে তিনি হয়ে গেলেন বিশ্বের প্রথম ফুটবলার, যার ক্যারিয়ারে গোলসংখ্যা ৯৫০।
সৌদি প্রো লিগের এই ম্যাচে রোনালদো ৮৮ মিনিটে গোল করেন, যা আল নাসরকে ২–০ ব্যবধানে জিতিয়ে দেয়। ম্যাচের আগ পর্যন্ত একাধিক সুযোগ নষ্ট করে কিছুটা হতাশায় ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে গোল পেয়ে নিজের রাতটাকে স্মরণীয় করে তোলেন এই পর্তুগিজ তারকা।
চলতি মৌসুমে লিগে এটি ছিল রোনালদোর ষষ্ঠ গোল; সব মিলিয়ে তার নামের পাশে এখন ৭ গোল। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে তিনি ইতিমধ্যে শতাধিক গোল করেছেন।
এই অর্জনের মধ্য দিয়ে রোনালদো আরও কাছে গেলেন ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের। এখন তিনি সেই রেকর্ড থেকে মাত্র ৫০ গোল দূরে।
অন্যদিকে, লিওনেল মেসিও পিছিয়ে নেই। একদিন আগেই ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন এই তারকা পেরিয়ে গেছেন ক্যারিয়ারের ৮৯১ গোলের ঘর।
লা লিগা থেকে শুরু হওয়া রোনালদো-মেসির লড়াই দেড় দশক পেরিয়েও চলছে দাপটের সঙ্গে। জানা গেছে, মেসি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকবেন, আর রোনালদো ২০২৭ সাল পর্যন্ত আল নাসরে। অর্থাৎ, ফুটবলপ্রেমীরা অন্তত আরও দেড় বছর দেখতে পাবেন এই দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা।
ইউডি/কেএস

