রাজশাহীতে কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজশাহীতে কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী পলাতক

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:৫০

রাজশাহীতে মাসুদা পারভিন ওরফে ইভা (১৭) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরের মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইভা তিন দিন ধরে নিখোঁজ ছিল। তার স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্জয়ের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামে। তবে তিনি স্ত্রী ইভাকে নিয়ে রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন। ইভার বাবার নাম ইকবাল হোসেন, বাড়ি নগরের মেহেরচণ্ডী এলাকায়।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ইভার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে হত্যা করা হয়েছে সন্দেহ করা হচ্ছে। স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে লাশ দেখতে পান। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ইভার স্বামী দুর্জয় পলাতক রয়েছে এবং এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইভা ছিলেন একজন শিক্ষার্থী এবং তার পরিবারের কাছে তিনি খুবই প্রিয়। তিন দিন নিখোঁজ থাকার পর এই হত্যাকাণ্ডের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সুস্পষ্ট কোনো তথ্য প্রকাশ না করলেও তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ইউডি/রেজা/সোহেল রানা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading