এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ালো বাংলাদেশ

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ালো বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বুধবার (২৯ অক্টোবর) ২০২৫, আপডেট ২৩:০০

আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি, ফের সেই ব্যাটিং ব্যর্থতা; ফের হার। ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ আগে ব্যাট করে ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৩৫ রানে। আর তাতেই টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে উইন্ডিজ।

ক’দিন আগেই আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তার আগে নেদারল্যান্ডস, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে তারা। টানা চার সিরিজ পর এবার ঘরের মাঠে হারের স্বাদ পেলো লাল-সবুজের দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার (২৯ অক্টোবর) টসে জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠায় উইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দারুণ কিছুরই আভাস দিয়েছিল টাইগাররা। তবে ঘুরে দাঁড়াতেও সময় নেয়নি সফরকারীরা।

আথানেজ-হোপ জুটি থেকেই আসে ১০৫ রান। তবে শেষ দিকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৯ রানেই থামে তাদের উইন্ডিজের ইনিংস।

দেড়শ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনেই খেলতে থাকেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। চতুর্থ ওভারের পঞ্চম বলে জেসন হোল্ডারের বলে বড় শট খেলতে গিয়ে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন সাইফ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে মাত্র ৫ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় লিটন ও তানজিদ। কিন্তু দলীয় ৪৮ রানের মাথায় আকিল হোসেনের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৭ বলে ২৩ রান।

তৃতীয় উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন তানজিদ। ১৪ বলে ১২ রান করে রোমারিও শেফার্ডের বলে সিলস-এর হাতে ক্যাচ দিয়ে হৃদয় ফিরলে ভাঙে তাদের ৩৭ রানের জুটি।

জাকের আলীকে নিয়েও ৩২ রানের জুটি গড়েন বাঁহাতি ওপেনার তানজিদ। ৪৮ বলে ৬১ রান করে তামিম ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর আর কোনো জুটি গড়ে তুলতে পারেনি কেউ। একে একে ব্যর্থ হয়েছেন জাকের, শামীম, রিশাদরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading