মেসিকে নিয়েই আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা স্কালোনির
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৫
আগামী সপ্তাহে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। দলে স্বাভাবিকভাবেই আছেন ইন্টার মায়ামির দুই তারকা- লিওনেল মেসি ও রদ্রিগো দে পল।
তবে এবার ঘরোয়া লিগ থেকে কোনো খেলোয়াড়কে দলে রাখেননি স্কালোনি। কারণ, আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন জানিয়েছে যে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির সময়ও তাদের লিগ চলবে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, “আমরা স্কালোনির সঙ্গে কথা বলেছি যেন ক্লাউসুরা টুর্নামেন্টে যেসব দলের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেসব দলের খেলোয়াড়দের না ডাকা হয়।” অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকেও এই ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়নি। আগামী ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
তবে মেসি ও দে পলকে ডেকেছেন স্কালোনি, যদিও তাঁরা তখনও এমএলএস প্লে-অফের লড়াইয়ে থাকতে পারেন। শনিবার যদি ইন্টার মায়ামি ন্যাশভিল এসসিকে হারাতে পারে, তবে তারা চলে যাবে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২২ বা ২৩ নভেম্বর। গত মাসের অক্টোবরের উইন্ডোতেও মেসি ও দে পল আর্জেন্টিনার দলে ছিলেন। মেসি খেলেছিলেন দুটি প্রীতি ম্যাচের মধ্যে একটি, আর দে পল খেলেছিলেন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে।
এই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন দুজন তরুণ প্রতিভা। ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গের ফরোয়ার্ড ও লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হোয়াকিন পানিচেলি, আর পর্তুগিজ ক্লাব বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি- যিনি গত মাসে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
নভেম্বরের একমাত্র আন্তর্জাতিক ম্যাচটিকে সামনে রেখে এখন আর্জেন্টিনা দল প্রস্তুতি নেবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায়।
ইউডি/কেএস

