রোনালদোকে নিয়েই পর্তুগালের একাদশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬, আপডেট ২৩:৩০
প্রথম ম্যাচ জয়হীন, ফর্মহীনতায় ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর অনেক ফুটবলবোদ্ধা তো নিশ্চিত হয়েই বলেছিলেন, গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচের একাদশে থাকবেন না এই পর্তুগিজ সুপারস্টার। কিন্তু এসব ধারণা ভুল প্রমাণিত করলেন হেড কোচ রবের্তো মার্টিনেজ। রোনালদোকে নিয়েই সাজিয়েছেন একাদশ।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল।
সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মার্তিনেস বলেছিলেন, ‘আমরা এমন একটি দল, যারা বলের দখল ধরে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই এবং দ্রুত প্রতি-আক্রমণে যেতে চাই। এমন একজন খেলোয়াড় প্রয়োজন, যার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করবে। ক্রিশ্চিয়ানো এই কাজের জন্য সেরাদের একজন।’
শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে রোনালদোর প্রভাব নিয়েও প্রশংসা করেন পর্তুগাল কোচ। তিনি বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছে এবং যার হয়ে কথা বলা যায়। প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। দলের জন্য সে সত্যিকার অর্থেই একজন রোল মডেল।’
‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে কলম্বিয়া। ফলে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে উজবেকিস্তানের বিপক্ষে জয় কতটা গুরুত্বপূর্ণ, তা ভালোভাবেই জানেন মার্তিনেস।
ইউডি/এবি

