সারাদেশের আদালতে কালোব্যাজ ধারণ ও দোয়া

সারাদেশের আদালতে কালোব্যাজ ধারণ ও দোয়া

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:১৫

সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুই দাবি পূরণের আশ্বাসে কলম বিরতি প্রত্যাহার করেছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। পাশাপাশি রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে কালোব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে বিজেএসএ সভাপতি আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের যৌক্তিক দাবির বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আলোচনা সাপেক্ষে ঘোষিত কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি রোববার সারাদেশে বিচারকদের কালোব্যাজ ধারণ ও রাজশাহীর ঘটনায় সব আদালতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এর আগে শুক্রবার সারাদেশের বিচারকেরা একযোগে কলম বিরতি পালনের কর্মসূচি ঘোষণা করে। সেই বিবৃতিতে- দেশের প্রতিটি আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দাবি জানানো হয়।

এদিকে রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেফতার করা আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে দুই দাবি বাস্তবায়ন করা না হলে রোববার থেকে সারাদেশের বিচারকেরা কলম বিরতি পালনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় ওই বিচারকের বাসায় যান গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। লিমনের ছুরিকাঘাতে ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও (৪৪) আহত হন।

এসব ঘটনার সময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে লিমনও আহত হন। পরে তাকে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৪ নভেম্বর লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান। এ মামলায় আসামি লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading