কুমিল্লায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

কুমিল্লায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:০৫

কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডা. ফাহমিদা আজিম কাকলী (৪৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জননী। তার বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ডা. কাকলীর পরিবার জানায়, কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে তিনি আক্রান্ত হন। এ সময় তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার (২২ নভেম্বর) তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. কাকলীর মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। রোগী, সহকর্মী, স্বজন সবার মুখেই বিষাদের ছাপ। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন অধুনা থিয়েটারের সদস্য। গান শুনতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি।

ডা. কাকলীর বড়ভাই পলাশ বলেন, কাকলীর মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। আমেরিকায় অবস্থানরত একমাত্র কন্যা তুর্না দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading