দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
উত্তরদক্ষিণ। রবিবার (৩০ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:৩০
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
যুক্তি দেখিয়ে তিনি বলেছেন, ফৌজদারি বিচারকাজের কারণে তার শাসনকাজ ব্যাহত হচ্ছে। ক্ষমা মঞ্জুর করা হলে তা ইসরায়েলের জন্য ভাল হবে।
নেতানিয়াহু ইসরায়েলে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। মামলায় ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে এসেছেন।
তার আইনজীবীরা প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো এক চিঠিতে বলেন, প্রধানমন্ত্রী এখনও বিশ্বাস করেন আইনি প্রক্রিয়ার ফল হবে বেকসুর খালাস।
নিজ দল লিকুদ পার্টির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আজ আমার আইনজীবীরা দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমার অনুরোধ পাঠিয়েছেন। আশা করি দেশের মঙ্গল কামনা করেন এমন যে কেউ এ উদ্যোগকে সমর্থন করবেন।”
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কার্যালায় রোববার নেতানিয়াহুর এই অনুরোধ পাওয়ার কথা জানিয়ে আইনজীবীদের পাঠানো চিঠিটি প্রকাশ করে।
এর আগে এই মাসের শুরুতে ডনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার কথা বিবেচনার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে এই মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায় বিচারকার্য’ বলে যুক্তি দেখিয়েছিলেন তিনি।
ইউডি/এবি

