আরব সাগর পেরিয়ে টেমসের তীরে শাহরুখ-কাজল

আরব সাগর পেরিয়ে টেমসের তীরে শাহরুখ-কাজল

উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৫

প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত করা হয়েছে বলিউড তারকা শাহরুখ খান ও কাজলকে। ভারতীয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র জন্য এ সম্মান পান দুই তারকা।

প্রেক্ষাগৃহে মুক্তির ৩০ বছর পেরিয়েও সিনেমাটির জাদু এখনও চলছে দর্শক হৃদয়ে। বিশ্ব সিনেমায় এ অনন্য ইতিহাস সৃষ্টিকারী সিনেমাটি তাই ঠাঁই করে নিয়েছে সিনেমার আন্তর্জাতিক মানচিত্রে।

প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে লন্ডনের টেমসের বিখ্যাত লেস্টার স্কয়ারে শোভা ছড়াচ্ছে বলিউডের চিরসবুজ ভালোবাসার প্রতীক রাজ-সিমরানের প্রেমকাহিনী। ত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে লন্ডনে উন্মোচিত করা হয় এ জুটির ব্রোঞ্জ স্ট্যাচু।

লন্ডনের লেস্টার স্কয়ারে স্ট্যাচুর উন্মোচন আয়োজনে অংশ নেন শাহরুখ ও কাজল। ডিডিএলজের সিগনেচার পোজও রিক্রিয়েট করেন তারা। যেন বাস্তবেই পর্দা ভেদ করে বেরিয়ে এসেছিলেন দুই তারকা। প্রথমবার ভারতীয় কোনো সিনেমার এমন আন্তর্জাতিক মর্যাদা, বলিউড সাফল্যের মুকুটে যেন যুক্ত করলো এক উজ্জ্বল পালক।

ওইদিন কালো পোশাকে ধরা দেন শাহরুখ। আর কাজল পরেছিলেন আকাশি রংয়ের শাড়ি। স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে নায়ক-নায়িকা দুজনই ছিলেন বেশ উৎফুল্ল। ইলশেগুঁড়ি বৃষ্টিতে নায়িকার মাথায় ছাতা ধরে ছিলেন বাদশা। দুজনের খুঁনসুটি নজর কাড়ে উপস্থিত দর্শক, এমনকি নেটিজেনদেরও।

১৯৯৫ সালের ২০ অক্টোবর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউড সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আদিত্য চোপড়া পরিচালিত সিনেমাটি আজও সিনেপ্রেমীদের হৃদয়ে এক বাস্তব প্রেমের উপাখ্যান হয়ে আছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading