খালেদার লন্ডনযাত্রা: ‘মঙ্গলবার ঢাকায় আসার সূচি চেয়েছে’ জার্মান এয়ার অ্যাম্বুলেন্স
উত্তরদক্ষিণ। শনিবার (৬ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ২৩:২৫
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি মঙ্গলবার ঢাকায় আসার সূচি চেয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা জানিয়েছেন।
বেবিচকের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জার্মান এয়ারলাইন্স— এফএআই এভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদনটি করেছে।
আবেদনে আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণ এবং পরের দিন (১০ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছে।
প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু ‘কারিগরি ত্রুটির কারণে’ সেই বিমান আসতে বিলম্ব হওয়ার কথা জানায় বিএনপি।
এরপর শুক্রবার বলা হয়, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আর আসছে না। তার বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন।
কিন্তু সেই অ্যাম্বুলেন্স কবে আসবে, তা বিএনপির তরফে এখনও জানানো হয়নি।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তরফে শনিবার বলা হয়, বিএনপি চেয়ারপারসন এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেননি। সেজন্যই তার লন্ডনযাত্রা বিলম্ব হচ্ছে।
ইউডি/এবি

