দুর্নীতির লাগাম টানায় ‘ট্র্যাক রেকর্ড’ আছে বিএনপির: তারেক রহমান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ২০:৫০
দেশের দুর্নীতির লাগাম টানা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির সফল ‘ট্র্যাক রেকর্ড’ আছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।
তারেক রহমান বলেন, ‘বিএনপির আমলে দুর্নীতির সূচক কমতে থাকে। প্রতিবার বিএনপির সরকার দুর্নীতির লাগাম টেনে ধরেছে।’ তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে কাজ করেছে এবং বেগম খালেদা জিয়ার ২০০১-২০০৬ সালের শাসনামলে ধীরে ধীরে দেশকে দুর্নীতির ‘তকমা’ থেকে বের করে আনা হয়েছিল।
দেশের নারী সমাজকে স্বাবলম্বী করার ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, ‘যাদের প্রধান যে নারী আছেন, তাদের ফ্যামিলি কার্ড দেয়ার উদ্যোগ নেয়া হবে। যারা সমাজে পিছিয়ে পড়া আছে, তাদের আগে দেয়া হবে। পরে ডিসি বা জজ সাহেবের স্ত্রীও এই কার্ড পাবেন। তবে প্রায়োরিটি বেজে পিছিয়ে পড়া সমাজের নারীরাই আগে পাবেন।
ইউডি/এবি

