এনসিপির প্রার্থী তালিকা: নেই সেই আলোচিত রিকশাচালক

এনসিপির প্রার্থী তালিকা: নেই সেই আলোচিত রিকশাচালক

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:০০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তালিকায় নেই জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোড়ন তোলা সেই রিকশাচালক সুজনের নাম।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন।

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপক সমর্থন ও আলোচনায় আসা সুজন ঢাকা-৮ আসনের জন্য গত ২০ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

ফরম সংগ্রহের সময় সাংবাদিকদের সুজন বলেছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। ওখানেই আন্দোলনের সময় পরিচিতি পাইছি। তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই। আমি নিজেই এই আসনটা বাইছা নিছি।

সেদিন তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

জানা যায়, প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি।

এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় দল।

প্রার্থী তালিকা ঘোষণা শেষে দলটির নেতারা জানান, ঘোষিত প্রার্থী তালিকায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। এছাড়া জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্যদলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading