তারেক রহমানকে সংবর্ধনা দিতে কমিটি গঠন

তারেক রহমানকে সংবর্ধনা দিতে কমিটি গঠন

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২১:৩৫

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা দিতে কমিটি গঠন করেছে বিএনপি।

সোমবার (১৫ ডিসেম্বর) গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনে উপলক্ষে দলের নেতাকর্মী সমর্থক ও জনগণের অধীর প্রতীক্ষায় আছেন। এই আগমনকে স্বাগতম জানানোর জন্য বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদকে আহবায়ক ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়েছে।

জানা গেছে, অভ্যর্থনা কমিটিতে বিএনপির ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবেরা সদস্য হিসেবে রয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক হয়। এই বৈঠকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনার কর্মপরিকল্পনা নিয়ে সদস্যরা আলোচনা করেন। এর আগে গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা হয়। ওই সভায় তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন।

বিমানবন্দর থেকে তারেক রহমান মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বিএনপির একাধিক সূত্র জানায়, ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এই বাসার পাশেই ‘ফিরোজা’। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক বছর ধরে এই বাসাতেই থাকছেন। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বসার জন্য কক্ষ প্রস্তুত করা হচ্ছে।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading