পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ সদস্য নিহত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় একটি পুলিশের মোবাইল ভ্যানে সশস্ত্র হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজ ।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সৌদ খান জানান, একটি পুলিশ মোবাইল ভ্যানে থাকা অবস্থায় পাঁচ পুলিশ সদস্যকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্যের সবাই শহীদ হয়েছেন বলে নিশ্চিত করা হয়।

ডিপিও আরও জানান, হামলার শিকার গাড়িটি একটি বেসরকারি গ্যাস কোম্পানির নিরাপত্তা বাহিনীর কাজে নিয়োজিত ছিল। হামলার পর সন্দেহভাজনরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি নিহত পুলিশ সদস্যদের শাহাদাতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পুলিশ বাহিনীর সম্মুখসারির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফরিদি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading