জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে চিঠি এনসিপির ৩০ নেতার
উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:৩০
জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনার বিরুদ্ধে নীতিগত আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন দলটির ৩০ জন নেতা।
শনিবার (২৭ ডিসেম্বর) দেওয়া ওই চিঠিতে তারা বলেন, অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল।
চিঠিতে স্বাক্ষর করেন মুশফিক সালেহীন, খালেদ সাইফুল্লাহ, সাইফ মোস্তাফিজ, নুসরাত তাবাসসুমসহ মোট ৩০ জন নেতা।
তারা জানান, জামায়াতের সঙ্গে জোট এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক এবং এতে দলটির কর্মী-সমর্থক, বিশেষ করে তরুণদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি হবে।
নেতারা অভিযোগ করেন, গত এক বছরে জামায়াত ও তাদের ছাত্র সংগঠনের বিভাজনমূলক রাজনীতি, অপপ্রচার, স্যাবোটেজ ও নারী সদস্যদের চরিত্রহননের চেষ্টা নতুন ধারার রাজনীতির জন্য হুমকি হয়ে উঠেছে।
পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে তাদের অবস্থান এনসিপির আদর্শের সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়।
চিঠিতে নাহিদ ইসলামকে স্মরণ করিয়ে দেওয়া হয়, অতীতে ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা, ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের কথা এবং সংস্কার প্রশ্নে জামায়াতের দ্বিচারিতা তুলে ধরার অবস্থান নেওয়া হয়েছিল।
সে প্রেক্ষাপটে এখন অল্প কিছু আসনের জন্য জোটে যাওয়াকে নেতারা নীতিগত বিচ্যুতি হিসেবে দেখছেন।তারা আরও সতর্ক করেন, এমন জোট হলে এনসিপির মধ্যপন্থী সমর্থকভিত্তি ক্ষতিগ্রস্ত হবে এবং দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।
শেষে নেতারা সম্মানসহকারে আহ্বায়ককে অনুরোধ জানান, জোটনীতি নির্ধারণে নীতিগত অবস্থানকে প্রাধান্য দিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হোক।
ইউডি/এআর

