সন্ধ্যা থেকে বন্ধ থাকবে ঢাবির মেট্রো স্টেশন
উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমআরটিসিএল)।
সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাবি মেট্রো স্টেশন বন্ধ রাখা হবে। তবে অন্যান্য স্টেশন স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
এদিকে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, ফানুস ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এসব কর্মকাণ্ড বায়ু ও শব্দদূষণ সৃষ্টি করে, অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় এবং পাখিসহ প্রাণিকুলের ক্ষতি করে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের উদযাপন পরিহারের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন বছর ২০২৬। নববর্ষকে স্বাগত জানাতে দেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে নানা আয়োজনের প্রস্তুতি চলছে।
ইউডি/এআর

