আবারও পর্দা কাঁপাবেন রাজ-মিম জুটি?

আবারও পর্দা কাঁপাবেন রাজ-মিম জুটি?

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১২:১৫

‘পরাণ’ সিনেমা দিয়ে অধিক জনপ্রিয় হয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। শোনা যাচ্ছে এই জুটি আবারও নতুন সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন। ফেসবুকে একটি ছবি পোস্ট করে নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’তে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে।

তবে এখনো পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান তিনি।

এদিকে সম্প্রতি মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে ওই ব্যক্তির মুখ দেখা যায় না—পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, এই লুক ও স্টাইল রাজ ছাড়া আর কারও হওয়ার সম্ভাবনা কম। ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমে ‘জীবন অপেরা’ সিনেমারই ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস আগেই প্রকাশিত হয়েছে। গল্পে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুই ভিন্ন জীবনের যাতায়াত এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। বাস্তবতা ও কল্পনার মিশেলে রচিত এই উপন্যাসে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিক ফুটে উঠেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading