একসঙ্গে চার ফ্রন্টে লড়াইয়ের দাবি ইরানের
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:৫০
ইরান বর্তমানে একই সঙ্গে চারটি ফ্রন্টে শত্রু শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বলে দাবি করেছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রবিবার (১২ জানুয়ারি) সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের নেতৃত্বাধীন শক্তির বিরুদ্ধে ইরান অর্থনৈতিক, জ্ঞানমূলক, সামরিক এবং সন্ত্রাসবিরোধী—এই চার ক্ষেত্রে একযোগে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
ইরানের আধা-সরকারি সংবাদ মাধ্যম তাসনিম এ তথ্য জানিয়েছে।
কালিবাফ বলেন, অর্থনৈতিক চাপ, জ্ঞানভিত্তিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল ও সংঘবদ্ধ রূপ নিচ্ছে। তার দাবি, সামরিক ক্ষেত্রে শত্রু শক্তি ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। এ কারণেই এখন তারা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি, জনগণের বৈধ দাবিকে উসকে দেওয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইরানের ওপর নতুন ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সংসদ স্পিকার সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান এই তৎপরতা মূলত ‘দায়েশ-ধাঁচের সন্ত্রাসী যুদ্ধ’, যার উদ্দেশ্য দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া সমালোচনা করে তিনি বলেন, ইরানি জনগণ সশস্ত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, গত ৯ জানুয়ারি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি অভিযোগ করেন, কিছু ‘ভণ্ড গোষ্ঠী’ তেহরানসহ বিভিন্ন শহরে নাশকতা চালিয়ে আমেরিকাকে তুষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের হাতে এক হাজারের বেশি ইরানির রক্ত লেগে আছে এবং ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধ তার নির্দেশেই পরিচালিত হয়েছিল।
খামেনি আরও বলেন, শত সহস্র মানুষের আত্মত্যাগে প্রতিষ্ঠিত ইসলামিক প্রজাতন্ত্র কখনোই বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না। তিনি দেশের যুব সমাজকে ঐক্য ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, একটি ঐক্যবদ্ধ জাতিই সব শত্রুর মোকাবিলা করতে সক্ষম।
ইউডি/এআর

