জাপানি বিনিয়োগ ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ২১:৩০
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায়।
সোমবার (১২ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ড. ইউনূস বলেন, জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগে সহযোগিতা বাড়াতে হবে।
আকিয়ে আবে বৈঠকে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে অধ্যাপক ইউনূসের অবদানের প্রশংসা করেন। তিনি সমুদ্র দূষণ রোধে যৌথ উদ্যোগ নেয়ার আগ্রহও প্রকাশ করেন।
বৈঠকে বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা, জাপানে নার্স ও কেয়ারগিভার নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত বয়স্ক জনসংখ্যার কারণে জাপানে এসব পেশায় জনশক্তির চাহিদা বাড়ছে।
ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব শেষ করার পর মার্চের তৃতীয় সপ্তাহে তিনি টোকিও সফর করবেন। সেখানে জাপানের সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন এবং চট্টগ্রামের উপকূলীয় এলাকায় তিনটি আদর্শ মৎস্যগ্রাম গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠানোর জন্য ইতিমধ্যে চুক্তি হয়েছে। জাপানি প্রতিনিধিদলের সহযোগিতায় এই সংখ্যা আরও বাড়ানো সম্ভব হবে।
ড. ইউনূস এও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি পুনরায় স্পষ্ট করেছেন, ভবিষ্যতে রাজনৈতিক বা সরকারি পদে যোগদানের কোনো ইচ্ছা তার নেই। বরং মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ‘থ্রি জিরো’—শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ ও শূন্য সম্পদ কেন্দ্রীকরণ—এই ধারণা বাস্তবায়নেই তার মনোযোগ থাকবে।
ইউডি/এআর

