আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ২১:

নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে আইসিসিকে একাধিকবার চিঠিও দিয়েছে তারা। বিসিবির অভিযোগ আমলে নিয়ে আইসিসির নিরাপত্তা দল তিনটি শঙ্কার কথা জানিয়েছে বিসিবিকে, আজ বিকালে এমন বক্তব্য দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তবে আসিফ নজরুলের দেওয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়, বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনায় আইসিসির আন্তঃবিভাগীয় আলোচনার অংশ এটি বলে জানিয়েছে বিসিবি। আসিফের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে ক্রিকেট বোর্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে আইসিসি–সংক্রান্ত যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ইন্ডিয়া থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।’

বোর্ড আরও জানায়, দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগ তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়ার বাইরে আয়োজনের অনুরোধ করেছে। তবে এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পায়নি বিসিবি।

বিসিবি নিশ্চিত করেছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading