জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ভাইরাল
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:৩০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এ ঘোষণা দেয় দলটি।অবশ্য তার আগেই বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন করে নির্বাচনের আসন বিন্যাশের ঘোষণা দেয় জামায়াত নেতৃত্বাধীন জোটটি।
যেখানে অনুপস্থিত ছিল ইসলামী আন্দোলন।এমন প্রেক্ষাপটে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি রহস্যময় পোস্ট দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।আলোচিত ওই পোস্টে তিনি লেখেন, ‘ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’এরপরই জামায়াত আমির লেখেন, ‘অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।’
শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেওয়া ডা. শফিকুর রহমানের এই রহস্যময় পোস্টটিতে মাত্র ৪১ মিনিটেই ৬৬ হাজার রিঅ্যাক্ট, ৯ হাজার কমেন্ট পড়ে এবং পোস্টটি প্রায় ৩ হাজার জন শেয়ার করেছেন।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের জোটে না যাওয়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
একই সঙ্গে তিনি জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে অন্যান্য ইসলামি দলগুলোকে বেরিয়ে আসারও আহ্বান জানান।গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরিয়াহ আইনে রাষ্ট্র পরিচালনা নীতি থেকে সরে এসেছে।
তাই ১১ দলীয় জোট থেকে অন্যান্য ইসলামি দলগুলোকেও বেরিয়ে আসার আহ্বান জানাই।ইসলামপন্থি দলগুলোর জন্য আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি।
ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও অভিযোগ করেন, জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলছেন। যার অর্থ দাঁড়ায়- সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত।
দীর্ঘ সময় পর দেশের মানুষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশায় ছিলেন, এর ফলে সেই প্রত্যাশা পূরণ হওয়া নিয়ে সন্দেহ থেকে যায়।ইসলামের নীতি থেকে জামায়াত সরে এসেছে দাবি করে একলা পথে গিয়ে ২৬৮টি আসনে লড়ার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন।
বাকি আসনগুলোতে বিএনপি কিংবা জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন চরমোনাই পীরের দল।এমন পরিস্থিতিতে, বিশ্লেষকরা মনে করছেন- ইসলামী আন্দোলনের এহেন বক্তব্য এবং জামায়াত জোট থেকে ইসলামি দলগুলোকে সরে আসার আহ্বানের প্রেক্ষিতেই জামায়াত আমির অমন রহস্যময় পোস্ট দিয়েছেন এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন।
ইউডি/এআর

