‘ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামব’
উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, আপডেট ২১:৪০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীকাল নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন।
কাল ইসি কোনো ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে আমরা রাজপথে নামবো, আইনি লড়াই করবো। কোনোভাবেই ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেবো না।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে।
শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন। বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারকবাহক, গণতন্ত্রের পাইওনিয়ার দাবি করে একদিকে।
আবার তাদের সমর্থিত প্রার্থীরাই গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে যাচ্ছে।তিনি আরও বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে।
আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
ইউডি/এআর

