যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর শীর্ষ দুই সহযোগী গ্রেফতার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:১০
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী ও বাহার আলীর শীর্ষ দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ অস্ত্র সংশ্লিষ্ট উপকরণ উদ্ধার করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মো. মাহাবুবুর মোড়ল এবং কৃষ্ণনগর গ্রামের মৃত আলী বকস গাজীর ছেলে মো. শহিদুল গাজী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— ইয়ার আলী ও বাহার আলী দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে এলাকাবাসীকে জিম্মি করে বড় অঙ্কের চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি তারা হাতবোমা বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ব্যাপক ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব কায়েম করে।
এই তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলায় দায়িত্বরত কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা পুলিশের সঙ্গে যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাত দলের এক শীর্ষ সহযোগী মো. মাহাবুবুর মোড়লকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর ঘনিষ্ঠ সহযোগী মো. শহিদুল গাজীকেও নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক এবং হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে— একটি পিস্তলের ম্যাগাজিন, হাতবোমা তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ৪ প্যাকেট, বিস্ফোরক দ্রব্য এবং ওয়াকিটকি চার্জার ২টি।
মঙ্গলবার ভোরে গ্রেফতার দুই সহযোগীকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পৃথক অভিযানে সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বাদামতলা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। সোমবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের টহল দল অভিযান চালালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০২ বোতল ইন্ডিয়ার কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
ইউডি/রেজা

