নারায়ণগঞ্জের পর আরও আট জেলায় চালু হচ্ছে ই-বেইলবন্ড
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০
নারায়ণগঞ্জে সফলভাবে পরীক্ষামূলক বাস্তবায়নের পর এবার আরও আট জেলায় প্রচলিত বেইলবন্ড বা জামিন নামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালু হচ্ছে।
বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানো এবং বিচার ব্যবস্থার গতি বাড়াতে বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে সচিবালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমাতে এবং বিচার ব্যবস্থার গতি বাড়াতে গত বছরের ১৫ অক্টোবর পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেছিলেন আইন উপদেষ্টা।বুধবার মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হবে।
এই ব্যবস্থার মাধ্যমে বেইলবন্ড দাখিল প্রক্রিয়া হবে সহজ, দ্রুত ও স্বচ্ছ। এতে বিচারপ্রার্থী, আইনজীবী, কারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে আশা করেছে আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা।
ইউডি/এআর

