তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বিএনপি নেতা ফজলুর রহমান
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, আপডেট ০১:৩০
কিশোরগঞ্জের ইটনা থেকে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী।
ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সন্ধ্যায় ভৈরব স্টেডিয়ামের জনসভার মঞ্চ থেকে মাইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিজ বাড়ি ইটনা থেকে ভৈরবের জনসভায় যাওয়ার পথে মেঘনা নদী পার হওয়ার সময় নৌকায় হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন ফজলুর রহমান। পরে তাকে দ্রুত বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, ভৈরবে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তার শরীরে জ্বর আসে এবং বমি শুরু হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বাহার উদ্দিন ভূঁইয়া জানান, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসতন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলমান আছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউডি/কেএস

