‘বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, জনগণের আমানতের খেয়ানত করবো না’

‘বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, জনগণের আমানতের খেয়ানত করবো না’

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:১৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিকে ব্যবহার করে তিনি কিংবা তার পরিবার কখনো সম্পদ গড়েননি। বরং বাপ-দাদাদের জমি বিক্রি করেই রাজনীতি করে আসছেন। জনগণের আমানতের কোনো খেয়ানত তিনি করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই আমাকে ও আমার পরিবারকে চেনেন। আমরা রাজনীতি করে সম্পদের মালিক হইনি। আমরা রাজনীতি করেছি আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, আমার দলের কেউ যদি আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কখনো সেই পথে হাঁটবে না।

রাজনীতিতে ধর্মের ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক নয়। জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু তারা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে সক্ষম। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, কোনো সার সংকট থাকবে না। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং যুবকদের কর্মসংস্থানে অতীতের মতো ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা এ দেশে উদারপন্থী গণতন্ত্র চাই এবং নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে চাই। শুধু স্লোগান দিয়ে ভোট পাওয়া যায় না, মানুষের পাশে থেকে সৎ কাজ করে তাদের মন জয় করতে হয়।

এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি দেশবাসীর দোয়া কামনা করেন। গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading