‘স্যার নয়, ভাইয়া ডাকুন’

‘স্যার নয়, ভাইয়া ডাকুন’

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২০

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে পা রাখা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক ব্যতিক্রমী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের মুখোমুখি হয়েছেন। রোববার সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’-এ তিনি তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান।অনুষ্ঠানের শুরুতেই এক মজার ঘটনার অবতারণা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনুভা তাসরিন যখন তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন, তখন তারেক রহমান হাসিমুখে তাকে থামিয়ে দেন।

তিনি বলেন, ‘আপনারা যারা প্রশ্ন করবেন, আমাকে ‘ভাইয়া’ বলতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেলও ডাকতে পারেন, তবে আঙ্কেল ডাকটা খুব একটা পছন্দ করব না।

ভাইয়া বললে বেশি ভালো লাগবে।’এরপর উপস্থিত শিক্ষার্থীরা তাকে ‘ভাইয়া’ সম্বোধনেই প্রশ্ন করতে শুরু করেন।তারেক রহমান তার উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল ‘ইয়ুথ ফোর্স’ বা তরুণ জনশক্তি, যা আগামী ১৫-২০ বছর কার্যকর থাকবে। তিনি বলেন, ‘সমস্যা নিয়ে কেবল অভিযোগ করলে সমাধান আসবে না।

আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন, সেই তরুণদের ভাবনা আমি শুনতে চাই।’

তরুণ উদ্যোক্তাদের ঋণের জটিলতা নিয়ে তাসনুভার এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, জামানতবিহীন ঋণ দেওয়ার জন্য প্রচলিত ব্যাংক আইনে সংশোধন আনার পরিকল্পনা রয়েছে তাদের।

এছাড়া মেধাবী শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের জন্য ‘স্টুডেন্ট লোন’ বা শিক্ষাঋণ চালুর কথা ভাবছে তার দল।চট্টগ্রাম ও ঢাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শহরের পানি বের হওয়ার জন্য পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম নেই।

আমরা ক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, যা পানি নিষ্কাশনে বড় ভূমিকা রাখবে।’

মা ও শিশু মেডিকেল কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ রাফসানের প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, তার শরীরটা কিছুটা অসুস্থ এবং ‘হালকা জ্বর’ রয়েছে।

তবে অসুস্থতা সত্ত্বেও তিনি তার ব্যস্ত নির্বাচনি সফর চালিয়ে যাচ্ছেন।উল্লেখ্য, এই বিশেষ সংলাপে চট্টগ্রামের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৪০ জন শিক্ষার্থী অংশ নেন।

এই অনুষ্ঠান শেষে তিনি পলোগ্রাউন্ডের বিশাল জনসভায় যোগ দেবেন এবং বিকেলে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading