পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। রবিবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে বেলা ১১টা ২০ মিনিটের পর থেকে সূচক পতনমুখী অবস্থানে চলে আসে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫.০৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত আছে ৬০টির।

এ দিন ডিএসইতে মোট ৫২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮২১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩.৭০ পয়েন্ট কমে ১৪ হাজার ২৪৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৭০ পয়েন্ট কমে ৮৬৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৫.২০ পয়েন্ট কমে ১২ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৬টি কোম্পানির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত আছে ১৭টির।

এ দিন সিএসইতে ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading