দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:২০
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে তিনটি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এসব পদক্ষেপ হলো—যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং চাঁদাবাজদের সঠিক পথে ফিরিয়ে আনা।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকা দলগুলোর আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে পণ্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হলে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নির্মূল করতে হবে।
তিনি বলেন, ‘আমরা চাঁদাবাজদের বুক থেকে দূরে ঠেলে দেব না, বরং তাদের বুকে টেনে নিয়ে অন্য কোনো ভালো কাজে যুক্ত করব।’
বক্তব্যের শুরুতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে—এ দেশের তরুণরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না।
শাসকরা ফাহাদ ও হাদিদের বিদায় করেছে, কিন্তু তাদের রক্তে আজ হাজারো বিপ্লবী জন্ম নিয়েছে।’
এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থী, জুলাই বিপ্লবের আহত ও গুম হওয়া পরিবারগুলোর কথা উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সম্প্রতি নারীদের প্রতি সহিংসতা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যারা নারীদের গায়ে হাত তোলে, তাদের মনে রাখা উচিত—তারাও মায়ের গর্ভে জন্ম নিয়েছে।
নারীদের সম্মান করতে শিখুন।’তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মন্দির ও জানমালের পাহারা দিয়েছে এবং অতীতে নির্যাতনের শিকার হয়েও কোনো প্রতিশোধ নেয়নি।
কুষ্টিয়ায় চালের মিল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ খাজনা আদায়ের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘চালের ট্রাকে প্রতি হান্ড্রেডে খাজনা এবং ট্রাকপ্রতি পাঁচ হাজার টাকা নেওয়ার খবর আমরা জানি।
বিভিন্ন স্ট্যান্ড দখলের খেলা চলছে। যারা এসব করছে, ফিরে আসুন। মানুষ আপনাদের ঘৃণা করে এবং অভিশাপ দেয়।’নদী শাসনের নামে অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, ‘নদী এখন নাব্যতাহীন।
খননের নামে শুধু পয়সা লুট করা হচ্ছে। অথচ এই অঞ্চলের অর্থনীতির প্রাণ হলো নদী। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পারলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, পণ্যের দামও কমবে।’
শেষে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে।
ইউডি/এআর

